জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সোমবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষে এই প্রস্তাব দেন।
গণভবনে সোমবার বিকাল ৫টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকটি একঘণ্টা স্থায়ী ছিল বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি সাংবাদিকের বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন নিশা দেশাই। এসময় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেই সন্ত্রাসের শিকার। বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে কয়েক দফা সন্ত্রাসের শিকার হয়েছি। আমার ওপর কয়েকবার হামলা করা হয়েছে। সরকার সন্ত্রাসবাদ নিয়ে সচেতন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মানবাধিকার কমিশনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো কেউ নিখোঁজ হলেই তার দোষ সরকারের ওপর দেয়। তারা ভালোভাবে বিষয়গুলো খতিয়ে না দেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দোষ চাপিয়ে দেয়।
এর আগে, বাংলাদেশে দুইদিনের সফরে আসা নিশা দেশাই প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কী সহযোগিতা লাগবে তার সম্ভাব্য ক্ষেত্রগুলো যাচাই করা হবে বলে জানান।
আরও পড়ুন-
জঙ্গি হামলার ঘটনায় বিনিয়োগে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী
পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল
/পিএইচপি/এমও/এফএস/