গাজীপুরের আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী রবিবার (১৭ জুলাই)। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সরকারপক্ষের আবেদনে ‘ত্রুটি’ থাকায় এ মামলার আপিলের শুনানি না করে পরবর্তী দিন ধার্য করেন আদালত।
বিচারিক আদালতে হত্যার দায়ে ২২ অভিযুক্তকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। আসামিদের আপিল আবেদনের শুনানি শেষে ৬ জনের দণ্ড বহাল রেখে বাকিদের খালাস দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
সরকারপক্ষের আবেদনে মামলায় খালাস পাওয়া ৭ আসামির মধ্য একজনের নাম উল্লেখ করা হয়। অন্য আসামিদেরও নাম উল্লেখ করে পৃথক আবেদন করার নির্দেশ দেন আদালত।
সরকারপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ৭ই মে প্রকাশ্যে গাজীপুরের এমপি আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের ভাই মতিউর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরই এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
/ইউআই/এসটি/