বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মতবিনিময় সভায় আইজিপিদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শুরু হয়েছে। সম্প্রতি জঙ্গি তৎপরতার সঙ্গে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার তথ্য আসার কারণে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করছে সরকার।

রবিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ এই মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য, ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ প্রধান একে এম শহীদুল হক। তিনি বলেন, দেশ হঠাৎ করে অস্থীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সর্বদা সজাগ আছি। দেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সদা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, কয়েকজন তরুণকে কিছু সুবিধাবাদী জঙ্গিগোষ্ঠি কোরানের অপব্যাখ্যা দিয়ে প্রভাবিত করে মানুষ হত্যা করছে। জিহাদের নামে তাদেরকে বোঝানো হচ্ছে হত্যাকাণ্ড ঘটিয়ে মৃত্যুবরণ করলে বেহেশতে যাওয়া যায়। মিথ্যা তথ্যে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের শক্তি, আপনারা দেশকে এগিয়ে নেবেন। আপনারা শান্তির পথে থাকুন। শান্তির পথে আসুন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে একটি রেস্তোরায় ও ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় অংশ নেওয়া জঙ্গিদের মধ্যে দুই তরুণ নিবরাস ইসলাম ও আবির রহমান বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এছাড়া কয়েকবছর আগে থেকেই বিভিন্ন সময় জঙ্গি হামলাতেও এই বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রের নাম আলোচনায় আসে। অন্যদিকে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধেও জঙ্গিদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে। এরই ধারাবাহিকতায় বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক প্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের সাথে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় এক সভার আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি),  শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারশন নেতাসহ শিক্ষকদেরও ডেকেছে সরকার। এ দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করবেন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আরও পড়ুন- 

নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩


জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির পাশে থাকছে না জামায়াত

/আরএআর/এফএস/