জামালপুরের ৮ রাজাকারের রায় সোমবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের সৈয়দ আশরাফ হোসেনসহ ৮ ‘রাজাকারের’ রায়ের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত এই আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জামালপুরে ১০ হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এই দিন ধার্য করেন। এ রায়টি হবে ট্রাইব্যুনালের ২৫তম রায়। বর্তমানে আশরাফসহ দুটি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে।
আট আসামি হলেন-ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, এ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে শামসুল ও ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে। যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ট্রাইব্যুনাল এ পর্যন্ত ২৪টি মামলায় ৩৪ জনকে বিভিন্ন দণ্ড প্রদান করেন।  এরমধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড,  এক জনের যাবজ্জীবন, একজনের ৯০ বছরের কারাদণ্ড  এবং ১১ জনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে পলাতক আছে ৯ জন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে চূড়ান্ত রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে। আর একজনকে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে।

/ইউআই / এপিএইচ/

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৪

জঙ্গি- সন্ত্রাসবাদ মোকাবিলা: বিদেশিদের পরামর্শ ছাড়া আর কোনও সহায়তা নেবে না সরকার