ইসলামিক ফাউন্ডেশনের জুমার খুতবায় যা আছে

জুমার খুতবাজঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জুমার খুতবা দেশের সব মসজিদে পাঠের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
এর আগে জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা প্রণয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন খুতবা প্রণয়ন কমিটি গঠন করে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্ব ১৯ সদস্যের ওই কমিটি ১৪ পৃষ্ঠার খুতবা প্রণয়ন করেন। পরে তা দেশের সব মসজিদে পাঠানো হয়। গত শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের অনেক মসজিদেই পাঠ করা হয় এই খুতবা।
ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের প্রায় সব মুসলিম দেশে জাতীয়ভাবে খুতবা রচনা করা হয়। বাংলাদেশে অভিজ্ঞ আলেমদের দ্বারা খুতবা রচনা করা হয় এবং তা বায়তুল মোকাররম মসজিদে পাঠ করা হয়। দেশে গ্রামে-গঞ্জে বিজ্ঞ আলেম পাওয়া যায় না, সেজন্য আপতত সবাইকে উদ্বুদ্ধ করার জন্য দিচ্ছি। সবাই সাড়াও দিচ্ছে। আমরা আহ্বান করেছি, কোনও বিজ্ঞ আলেম চাইলে আমাদের পরামর্শ দিতে পারেন। প্রতি সপ্তাহে খুতবা সারা দেশের মসজিদে যাবে।
পাঠকের জন্য খুতবার কপি দেওয়া হলো- [ক্লক করুন]


 

খুতবা প্রণয়ন কমিটির আহবায়ক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান জানান, খুতবা কারও ওপর চাপিয়ে দেওয়া হয়নি কিংবা কারও জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি। খুতবা পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে দেশের প্রচলিত প্রায় সব খুতবার কিতাবকে সামনে রেখে প্রণয়ন করা হয়ে থাকে। এখানে কারও ব্যক্তিগত মতামত তুলে ধরা হয়নি এবং এর কোনও অবকাশও নেই। ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ শিক্ষায় শিক্ষিত কর্মকর্তা-কর্মচারী খুতবা প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত নন। এ কমিটিতে শুধু দেওবন্দ, হাটহাজারী ও পটিয়া মাদ্রাসাসহ মিসরের আল আযহার ও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ আলেম-ওলামা সম্পৃক্ত রয়েছেন। দেশের অন্যান্য মসজিদের খতিব ও ইমামরা যাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জন্য প্রণীত খুতবা থেকে ধারণা নিয়ে খুতবা উপস্থাপন করতে পারেন, এ উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন মসজিদে শুধু নমুনা হিসেবে খুতবা পাঠানো হয়। যদি কেউ পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে ইসলামিক ফাউন্ডেশনে পাঠান তাহলে তা সাদরে গৃহীত হবে এবং তা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থাপনসহ দেশব্যাপী বিতরণের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া আরবি ভাষায় পারদর্শী কোনও বিশেষজ্ঞ আলেম খুতবা প্রণয়ন কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী হলে ইসলামিক ফাউন্ডেশন তাকে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়াও সামাজিক বিভিন্ন সমস্যাদি থেকে উত্তরণের লক্ষ্যে ইসলামের মৌলিক বিষয়ের ওপর পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে খুতবা প্রণয়ন করে নিয়মিতভাবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে উপস্থাপন এবং দেশব্যাপী বিতরণ করা হবে। 


/সিএ/এজে/