৬ বছরেও নিষ্পত্তি হয়নি দ্রুতবিচারের মামলা!






হাইকোর্টমামলা দ্রুতবিচারে আসার পর ছয় বছর পেরিয়ে গেলেও কেন তার নিষ্পত্তি হয়নি জানতে চেয়েছেন হাইকোর্ট।

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগমকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ওই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

পাশাপাশি জামিন আবেদনকারীকে কেন জামিন দেওয়া যাবে না সে মর্মে রুলও জারি করা হয়।

আইন অনুযায়ী, মামলাটি গ্রহণ করার একশ ৩৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা। তা না হলে এটি ফেরত যাবে; কিন্তু তাও হয়নি। এসব বিষয়ে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগমকে দুই সপ্তাহের মধ্যে লিখিত ব্যাখ্যা জানাতে বলেছেন হাইকোর্ট।

ময়মনসিংহের আদালত থেকে মামলাটি ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহে পূরবী সিনেমা হল সংলগ্ন ফ্রিডম পার্টির অফিসের সামনে হারুনুর রশিদ নামের এক কাঁচামালের আড়ৎদার গুলিতে নিহত হন।পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০০৯ সালের ১৯ অক্টোবর মামলাটি ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়। এরপর ২০১০ সালে ১০ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরু হলেও প্রসিকিউশনের ৭৮ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

ওই মামলায় ২০১২ সালের ২৫ ডিসেম্বর গ্রেফতার হন আসামি আব্দুর রশিদ। তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করলে গত ২ জুন তা খারিজ হয়। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে রশিদের করা আবেদনের শুনানিকালে এ তথ্য বেরিয়ে এলে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগমকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেন আদালত।

আগামী ২৪ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

/ইউআই/এবি/