মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে পৃষ্ঠপোষকতা দিতে বিল উত্থাপন

জাতীয় সংসদমাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিসিকের পৃষ্ঠপোষকতার সুযোগ তৈরি করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল-২০১৬ সংসদে উত্থাপন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার বিলটি উত্থাপনের পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি মাঝারি ও মাইক্রো বা অতিক্ষুদ্র শিল্পেও যাতে বিসিক সহায়তা দিতে পারে সে সুযোগ সৃষ্টি করতেই এ আইন সংশোধন করা হচ্ছে।
বিলে বলা হয়েছে, বিসিক চাইলে এর আওতাধীন কোনও কোম্পানির ট্রাস্ট বা ফাউন্ডেশন করতে পারবে এবং এসব প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ ব্যয় করতে পারবে। প্রস্তাবিত আইনে বিসিক বোর্ডের পাশাপাশি কারিগরি উপদেষ্টা কমিটি করার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী বলেন, বিদ্যমান বিসিক আইনে ক্ষুদ্র ও কুটির শিল্পকে সহায়তা দেওয়ার বিধান ছিল। এর পাশাপাশি মাঝারি ও মাইক্রো শিল্পসমূহকে পৃষ্ঠপোষকতা ও সুরক্ষা দেওয়ার জন্য বিলটি আনা হয়েছে।
বর্তমানে বিসিক এর ব্যবস্থাপনায় ৭৪টি শিল্প নগরীতে ৫ হাজার ৭১৪টি শিল্প কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা প্রায় ৪ লাখ ৫৫ হাজার। 

শিল্প নগরীর বাইরে বিসিকের পৃষ্ঠপোষকতায় ৯ লাখ ৩০ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব কারখানায় প্রায় ৩৬ লাখ ১৪ হাজার লোক কাজ করছেন।
আরও পড়তে পারেন: চার মাসেই উপেক্ষিত ওয়েস্ট বিন


 

ইএইচএস/এমএসএম/