মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন-২০১৬’ এর প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক পাড়া-মহল্লায় জঙ্গিবাদবিরোধী কমিটি গড়ে তোলার নির্দেশনা দিয়েছিলেন। জেলা প্রশাসকদের আবারও প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সরকার এখনও আগের অবস্থানে রয়েছে। এক্ষেত্রে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এটা মোকবিলা করতে চাই। সেই লক্ষ্যেই কাজ চলছে।
সরকারের তরফ থেকে জেলা প্রশাসকদের নতুন কোনও নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না’, তাদের নতুন কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে জন নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করার জন্য ডিসির নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনও সমস্যার কথা বলেছেন কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা স্বাচ্ছন্দ্যে সরকারের নির্দেশনা পালন করছেন। তবে কোথাও কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা জানিয়েছেন।
পাড়া-মহল্লায় জঙ্গি-সন্ত্রাসবাদবিরোধী কমিটিতে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেখানে আমাদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা আছেনই।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় চলবে বাংলাদেশ। সেই চেতনায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে তার প্রমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাতে দেখিয়েছে। যৌথবাহিনী সফল অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসী জঙ্গিদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
তিনি বলেন, ডিসি সম্মেলনে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা জেলা ভিত্তিক আগামী দুই মাসের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, স্বাধীনতা যুদ্ধের জন্য সম্মুখ যুদ্ধের স্থানগুলো ও বধ্য ভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে এবং মুক্তিযুদ্ধাদের সনদ জাল প্রতিরোধে ৮ ধরনের বারকোড সম্বলিত সনদ প্রবর্তনের ব্যবস্থা করা হবে।
/এসআই/এসএনএইচ/এমএসএম/
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে