সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ হবে





বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকাসন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় কিভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায় তা নিয়ে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরে এ সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করছে দুই দেশ।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে এবং এর আগেও চারবার এ ধরনের সংলাপ হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে সন্ত্রাসবাদের সাম্প্রতিক ঘটনায় এ সংলাপ অনেক বেশি গুরুত্ব পাবে এবং সহযোগিতা অর্থবহ হবে।
এদিকে,পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট নিরাপত্তা সংলাপ নিয়ে মঙ্গলবার পদ্মায় বিকালে এক বৈঠকে বসেন।
আরেকজন কর্মকর্তা বলেন,নিরাপত্তা সংলাপ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
তিনি বলেন,বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপের প্রতিটি বৈঠকে আঞ্চলিক সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ নিয়ে আলোচনা হয়েছে। এবারে বিষয়টি নিয়ে আরও বড় পরিসরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুলাই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে বড় আকারে দুইটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এর ফলে দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্মকর্তাটি আরও বলেন, দক্ষিণ এশিয়াতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এবং এ স্বার্থ রক্ষায় বাংলাদেশের গুরুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক দ্রুত বেড়ে চলেছে বিশেষ করে ২০০৭ সালের নভেম্বরে ঘূর্ণিঝড়ে ইউএস মেরিনের ত্রাণ তৎপরতায় অংশগ্রহণের পর থেকে।
নিরাপত্তা সংলাপে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক আলোচনায় দুই দেশ ভারত,আফগানিস্তান,মিয়ানমার এবং ভারত মহাসাগর অঞ্চল নিয়ে আলোচনা করবে।
সামরিক সম্পর্কের আওতায় গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সামরিক-বেসামরিক যোগাযোগ নিয়েও আলোচনা হবে। এছাড়া, সামরিক খাতে ক্রয়, মিলিটারি প্রশিক্ষণ ও শিক্ষা ইত্যাদি বিষয় নিয়েও এ সংলাপে আলোচনা হবে।
বাংলাদেশ চারটি লকহীড মার্টিন সি-১৩০ বিমান ও ২০টি বিশেষ মডেলের রোলস-রয়েস ইঞ্জিন অনুদান হিসাবে যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে। এগুলির মূল্য ১৮০ মিলিয়ন মার্কিন ডলার।
নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য দুই দেশ ২০১১ সালে প্রথমবারের মতো নিরাপত্তা সংলাপে বসে। ভারতের সঙ্গেও বাংলাদেশ অনুরূপ সংলাপে বসে থাকে।

 

আরও্ পড়তে পারেন: গুলশান হামলায় নিহত জঙ্গি শফিকুলের আরেক সহযোগী গ্রেফতার

এসএসজেড/এমএসএম/