র‍্যাবের জঙ্গিবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন





র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদর‍্যাবের জঙ্গিবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গুলশান সেকশন-২-এর গোল চত্বরে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এর উদ্বোধন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, হলি আর্টিজান বেকারিতে যে ঘটনাটি ঘটেছে তারপর থেকে সব আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী নয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জঙ্গি নির্মূলে সব পর্যায়ের সব শ্রেণী-পেশার নাগরিকদের অংশগ্রহণ জরুরি।

তিনি বলেন, দীর্ঘদিন জঙ্গিবাদবিরোধী আমাদের এই অভিযান কার্যক্রম ও অপারেশনের পাশাপাশি আমরা নাগরিকদের সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যত বেশি নাগরিক এবং সব পর্যায়ের সম্মানীত শ্রেণী-পেশার মানুষ সম্পৃক্ত হবে, তত দ্রুত কিন্তু আমরা এইটা নির্মূল করতে সক্ষম হবো।

র‍্যাবের ডিজি বলেন,আজ থেকে আমাদের ১৪টি ব্যাটালিয়নের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা এই প্রচারণামূলক অভিযান পরিচালনা করবো। নাগরিকদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন পোস্টার ও স্টিকার বিতরণ করবো যেগুলোতে মূলত আমাদের দেশের সব মানুষকে এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো এবং উদ্বুদ্ধ করবো।



তিনি জানান, জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। তাই, জঙ্গি নির্মূলে সব পর্যায়ের সব শ্রেণী-পেশার নাগরিকদের অংশগ্রহণ জরুরি এবং জঙ্গিবাদ প্রশ্নে ঐক্যবদ্ধ।

এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস্, পরিচালক লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং, অধিনায়ক র‍্যাব-১-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআরআর/এবি/