‘সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা দেওয়া হবে’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনজেলা পর্যায়েও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১৬ এর চতুর্থ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী জানান, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জেলা পর্যায়েও আবাসন সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে সরকার। প্লট বা জমি নয় পদমর্যাদার ভিত্তিতে তাদের জন্য ৮০০ থেকে সাড়ে ৪ হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে।
শুধু জেলা প্রশাসক নয়, সব সরকারি কর্মকর্তা আবাসন নিয়ে সমস্যায় পড়েন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার বিষয়টি বিবেচনা করে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে বেশকিছু সরকারি কর্মকর্তার জন্য আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। শিগগিরই বাকিদেরও আবাসন সমস্যার সমাধান করা হবে।
এ সময় মন্ত্রী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করেন।

/এসআই/এমও/এমএনএইচ/