ভূমি অফিসে নাগরিকদের ভোগান্তি এড়াতে ডিসিদের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী

ভূমি সংক্রান্ত কাজে দেশের কোনও নাগরিক যাতে ভোগান্তিতে না পড়েন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে মন্ত্রিপরিষদের সভাকক্ষে তিনি এ নির্দেশ দেন।  

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ফাইল ফটো)

মন্ত্রী বলেন, খাজনা পরিশোধ, ক্ষতিয়ান, নকশা পাওয়াসহ বিভিন্ন কাজে ভূমি অফিসে এসে মানুষ ভোগান্তির শিকার হন এটা সবাই জানেন। যদিও এ সমস্যাগুলো আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি, তারপরও নির্দেশ দিয়েছি কোনও নাগরিক যেন সামান্য ভোগান্তিতে না পড়েন। তিনি বলেন, এই ভোগান্তিগুলো আমাদের সৃষ্টি নয়। এগুলো অতীতের সরকার এবং বিভিন্ন সময়ে আসা সামরিক সরকারের সৃষ্টি।

ভূমি রেজিস্ট্রেশনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ ডিজিটালাইজেশন সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা ডিজিটালাইজেশনের কাজে হাত দিয়েছি। এটি এতো সহজ কাজ নয়।এটি কঠিন কাজ। এ কাজটি করতে অস্ট্রেলিয়ার লেগেছে ২০ বছর, ভারত এখনও পর্যন্ত অর্ধেক ডিজিটালাইজেশন করতে পেরেছে। তবে আমাদের অত সময় লাগবে না। সময় কতো লাগবে তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

অপর এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, খাসজমি ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণের কোনও বিকল্প নেই। খাসজমি কৃষক ছাড়া অন্য কারও নামে বন্দোবস্ত দেওয়ার সুযোগ নাই। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছি। তারাও জানিয়েছেন, এ ধরনের কোনও চাপ অনুভব করেন না।

এসআই/বিটি/এপিএইচ/

আরও পড়ুন:

শঙ্কিত নারীর মুখ, শিশুরা ভুগছে জ্বরে

পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি