ডিসি সম্মেলনে শিক্ষামন্ত্রী

‘ছাত্রদের ভালো মানুষ বানাতে চাই’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জেলা প্রশাসকদের কাছ থেকে আমার সমস্যার কথা শুনেছি এবং নোট করে নিয়েছি। তাদের পরামর্শও দিয়েছি। আমাদের দক্ষতা, সম্পদের সীমাবদ্ধতা আছে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানও দিয়েছি। সব কথার মূল কথা হচ্ছে ছাত্রদের গতিবিধি, ছাত্রদের মন এবং চলাফেরার দিকে নজর রাখা। আমার ওদেরকে ভালো, সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

ডিসি সম্মেলন ২০১৬ এর দ্বিতীয় দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘দেশ আজ জঙ্গিবাদের মুখোমুখি। মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই ছাত্র। তাদের ভালো মানুষ বানাতে চাই। এটি করতে ব্যর্থ হলে ওদের জীবন এবং দেশ সবকিছুরই সর্বনাশ হবে। এইদিকে নজর রাখতে বলেছি। ইতোমধ্যেই দেশের বেশিরভাগ  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে চিঠি দিয়েছি। করণীয় নির্ধারণ করে নিজ নিজ এলাকায় ছাত্র-অভিভাবক সবাইকে এ বিষয়ে নজর রাখতে বলেছি। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনও জারি করেছি।’

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গিবাদের কুফলকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জঙ্গিবাদ রোধে সবার সহযোগিতা চাই। তারা ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছে তা গুনহার কাজ। এটা প্রকৃত ইসলামের ব্যাখ্যা নয়। এ দ্বারা আল্লাহ-বেহেশত কোনও কিছুই পাওয়া যাবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পদে শিক্ষক নিয়োগ করা ও শিক্ষার মান বাড়াতে হবে। তাড়াতাড়ি কোনও কিছু করা যাবে না। ধীরে ধীরে করতে হবে। তারপরও অগ্রধিকার ভিত্তিতে কাজগুলো করা হবে বলে ডিসিদের আশ্বাস দিয়েছি।

জঙ্গিবাদ নিয়ে ও ইসলামের অপব্যাখ্যা নিয়ে আলেম-ওলামাদের সঙ্গে আগেও কথা বলেছি। আজকেও কথা বলতে যাচ্ছি বলে জানান মন্ত্রী।

সরকারের এসব নির্দেশনা সম্পর্কে ডিসিদের মনোভাব কেমন-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের এসব নির্দেশনার প্রশংসা করেছেন তারা।

আরও পড়ুন:

পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ ডিসিদের

ভূমি অফিসে নাগরিকদের ভোগান্তি এড়াতে ডিসিদের নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

/এসআই/এসটি/