সংসদে আইনমন্ত্রী

‘৭১ এর যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে


সংসদে আইনমন্ত্রী

 

 

 

পাকিস্তানের ১৯৫ জন বা তারও বেশি যুদ্ধাপরাধী সেনাকর্মকর্তার তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তথ্য পাওয়ার পর যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বুধবার সংসদে এ কথা বলেন।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের তথ্য সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। কমিটি যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। 

রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০১০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত সংসদে মোট ২৪৬টি আইন পাস হয়েছে। এর মধ্যে ১১৩টি আইনের সংশোধনী পুনরায় পাস করা হয়েছে। 

এনামুল হকের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ৩১ মার্চ পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৯ হাজার ৯৬৭টি। এর মধ্যে আপিল বিভাগে ১২ হাজার ৭৯২, হাইকোর্টে ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি, জেলা ও দায়রা জজ আদালতসহ সকল ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৪৬১ এবং ম্যাজিস্ট্রেট আদালতসমূহে বিচারাধীন মামলার সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪১১টি।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬৮টি কারাগারে বিচারাধীন বন্দির সংখ্যা ৪৮ হাজার ৫৩৪ এবং সাজা পাওয়া বন্দির সংখ্যা ১৯ হাজার ৪৯ জন। বিনা বিচারে কোনও বন্দি আটক নেই। 

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, উচ্চ আদালতের জামিন জালিয়াতি বন্ধে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। গত নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বেইল কনফারমেশন সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে জামিন আদেশের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ সম্পর্কিত কাজ তদারকির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, দেশে সরকারের পরিচালনাধীন মাছের খামারের সংখ্যা ১৩৬টি। ২০১৫ সালে মাছের খামার থেকে ৫ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। 

 চাহিদার তুলনায় দুধের উৎপাদন কম 

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের গবাদি পশুর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম। জনপ্রতি দুধের চহিদা ২৫০ মিলি লিটার। বর্তমান একজন মানুষ দৈনিক ১২৫ দশমিক ৫৯ মিলিলিটার পাচ্ছেন। তবে ২০২১ সালে মধ্যে জনপ্রতি দুধের উৎপাদন ১৫০ মিলিলিটার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে মাছ রফতানি করে ৪ হাজার ২৮৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। তার আগের বছর অর্জিত হয়েছিল ৪ হাজার ৬৬০ কোটি টাকা।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা ২০৪ জন। ২০০৫ সালে ওএসডি কর্মকর্তার সংখ্যা ছিল ৯১২ জন।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা ৬৯, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ৬, বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ৭০ এবং বাংলাদেশ রেলওয়ের ২৬৮ জন মিলিয়ে মোট ৪১৩ জন চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন।
হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামী ১৫ বছরের মধ্যে দেশের নদ-নদীর ২০০১ কিলোমিটার খনন এবং ৬৯০ কিলোমিটার নদী শাসনের প্রস্তাব আছে। এ কাজে মোট ৯ লাখ ৫৬ হাজার ৮৩৪ কোটি টাকা ব্যয় হবে। 

প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ের পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

 

 

আরও পড়ুন- 

গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের কানেকশনের প্রমাণ ছবিতেই!

খালেদার চা-চক্র থেকে আসছে জাতীয় ঐক্যের রোডম্যাপ: নির্ধারিত হবে জামায়াতের ভাগ্যও!

দারুল ইহসানের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করতে পারবে

/ইএইচএস/এফএস/ এমএসএম/