বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রথমদিনে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধন এবং চমৎকার সম্পর্ক উল্লেখ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে উভয়ে অভিন্ন অবস্থান ব্যক্ত করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক যে সন্ত্রাসী হামলা হচ্ছে তা মূলত দেশে বেড়ে ওঠা জঙ্গিরাই চালিয়েছে এবং তাদের সঙ্গে বাইরের দেশের কোনও জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর যোগসাজশে এসব অপতৎপরতা চলছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, বাংলাদেশ কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী
/এফএস/