বৃহস্পতিবার দুপুরে নগরভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সাঈদ খোকন জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি ধীরে চল নীতিতে আগাতে বলেছেন। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরানোর আরেকটু বিবেচনার কথা বলেছেন।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিচ্ছি। তবে বিষয়টা খুব জটিল। তিনি বলেন, আমাদের লক্ষ্য নাগরিক দুর্ভোগ কমানো, বাড়ানো নয়। রাজধানীর আবাসিক এলাকায় যেসব স্কুল-কলেজ, হাসপাতাল গড়ে উঠেছে, সেগুলো হঠাৎ করে সরিয়ে দিলে নাগরিক দুর্ভোগ বাড়বে। কেননা হঠাৎ করে তারা কোথায় যাবে? নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সরে গেলে হাজার হাজার ছাত্রছাত্রীর শিক্ষার ক্ষতি হবে। হাসপাতালগুলো সরে গেলে চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হবে। এ কারণে এগুলো ধীরে ধীরে সরাতে হবে। ঢালাওভাবে সরাতে গেলে সমস্যা তৈরি হবে। যত সহজে আমরা বলতে পারি বাস্তবতা অত সহজ নয়। তাই আমরা ধীরে ধীরে এগুতে চাই।
অনুষ্ঠানে মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলতি অর্থবছরের (২০১৬-১৭) জন্য ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট পেশ করেন। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব খান মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
/ওএফ/এমএনএইচ/