‘আরও ১৩ পণ্যের মোড়কে বাধ্যতামূলক হচ্ছে পাটের বস্তা’

পাটের বস্তাখুব শিগগিরই আলু, আদা, মরিচ, রসুন, বিস্কুট, পেঁয়াজ ও মুরগির খাদ্যসহ ১৩টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
সভায় মির্জা আজম বলেন, বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার তার অভীষ্ট লক্ষ্যে দীপ্তপদে অগ্রসরমান। পাটশিল্পে সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় নতুন প্রাণের সঞ্চার করেছে। কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন রপ্তানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে মন্ত্রণালয় সফল হবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকারসহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/