বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাবন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তার প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন,  শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে রবিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধানমন্ত্রী বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বন্যাটা খুবই স্বাভাবিক আমাদের দেশে। তবে মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে আসে। সাম্প্রতিককালে একটু বন্যা শুরু হয়েছে। কাজেই বন্যাদুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সবার প্রতি আমি আহ্বান জানাচ্ছি।
বন্যার ফলে মানুষের যাতে ক্ষতি না হয় সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি এ সময় মন্তব্য করে তিনি বলেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নদীগুলো ড্রেজিং করা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, তার প্রবাহ যেন ঠিক থাকে সে ব্যবস্থা করার   কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগও দলীয়ভাবে বন্য কবলিতদের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে ররিবার বিকালে সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে ত্রাণ নিয়ে বন্যা উপদ্রুত এলাকায় যাওয়ার জন্য দলীয় টিম গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

/ইএইচএস/এমএনএইচ/