সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক)সন্ত্রাসবাদ দমনের জন্য কার্যকর একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনায় বসছেন আট দেশের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রীরা।

সরকারের সূত্রগুলি জানিয়েছে, ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত পাকিস্তানে সার্কভুক্ত দেশগুলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ প্রস্তাবসহ সন্ত্রাসবাদ মোকাবিলার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, সার্কের মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সন্ত্রাসবাদবিরোধী একটি গ্রুপ গঠনের প্রস্তাব করেছে পাকিস্তান এবং বিষয়টি নিয়ে বাংলাদেশসহ সবাই আলোচনা করবে।

দক্ষিণ এশিয়ার আটটি দেশ সার্কের সদস্য এবং এর প্রায় সব দেশ সন্ত্রাসবাদের শিকার।

কর্মকর্তাটি বলেন, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে আগামী ৩ আগস্ট এবং পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীরা এ বিষয় নিয়ে বৈঠক করবেন।

কর্মকর্তাটি আরও বলেন, বেশির ভাগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে অংশগ্রহণ করার সম্মতি দিয়েছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
তিনি বলেন, এ বৈঠকে বাংলাদেশ তার সন্ত্রাসবাদবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরবে এবং এর বর্তমান ও ভবিষ্যত কর্মপন্থা ব্যাখ্যা করবে।

এ বৈঠকে সন্ত্রাসবাদ দমনবিষয়ক আঞ্চলিক কনভেনশন এবং এর প্রটোকল বাস্তবায়ন, এর অগগ্রতি বিষয়েও আলোচনা হবে বলে জানান কর্মকর্তাটি।

এছাড়া মেরিটাইম নিরাপত্তা ও পাইরেসি, সাইবার ক্রাইম, দুর্নীতি প্রতিরোধ, নারী ও শিশুপাচার, মাদক চোরাচালান, ইমিগ্রেশন, সার্ক ভিসা স্টিকার ইত্যাদি বিষয়ে আলাপ হবে।

সার্ক ভিসা স্টিকার বিষয়ে সরকারের আরেক কর্মকর্তা বলেন, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি প্রস্তাব করা হয়েছে এর পরিধি এবং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এবং এ বিষয়ে একটি প্রেজেন্টেশনও দেবে।

এসএসজেড/এবি/