জঙ্গিবাদ দমনে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান পরিকল্পনামন্ত্রীর

সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিদ্যমান বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্ববাসী বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছে বাংলাদেশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এর  ১২তম ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক ও ডব্লিউআইইএফ এর চেয়ারম্যানসহ বিশ্বের বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্র প্রধান বক্তৃতা করেন ।

মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন, কোনও রাষ্ট্রের একার পক্ষে এ কঠিন সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় এবং বিশ্বের সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এ সংকট মোকাবেলায় কাজ করতে হবে ।

মন্ত্রী বলেন, মুসলিম উম্মাহ সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানাবিধ সমস্যায় আজ জর্জরিত। উন্নয়ন, অগ্রগতি এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমেই কেবল সমাজ ও রাষ্ট্র্রে শান্তি ও নিরাপত্তা  নিশ্চিত হতে পারে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস করছে তারা মুসলিম উম্মাহর ভাবমূর্তি এবং মহান ধর্ম ইসলামকে খাটো করার অশুভ উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

মুস্তফা কামাল ডব্লিউআইইএফ এর সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন এবং বৈঠককালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

/এসএসজেড/টিএন/

আরও পড়তে পারেন: বাংলাদেশে তিন মাসে ২৭ হত্যার দায় নিলো আইএস