অবৈধ সম্পদ অর্জন

পূর্বাঞ্চল রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপককে ৫ বছরের কারাদণ্ড

ইউসুফ আলী মৃধাবাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম আসামির উপস্থিতিতেই এ আদেশ দেন।

দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৭ (১) ধারায় তাকে দোষী সাবস্ত করে আদালত ইউসুফ আলী মৃধাকে তিন বছর কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং একই আইনের ২৬ (২) ধারায় আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়, ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপ-সহকারী পরিচালক মো. রেজাউল হাসান তরফদার বাদী হয়ে রমনা থানায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, আসামি ইউসুফ আলী মৃধা ৪০ লাখ ৯ হাজার ৯১০ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত  সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৩৩ হাজার ৯১০ টাকার সম্পদ গোপন করেন। পরবর্তীতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল হাসান তরফদার ২০১২ সালের ২৬ নভেম্বর তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। আদালত রাষ্ট্রপক্ষের ১৬ জন  সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম গাজী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মীর আব্দুস সালাম।

/এসআইটি/এসএনএইচ/এপিএইচ/