পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। এমনকি তারা কোনও তথ্যও দিতে চায় না। শনিবার (৬ আগস্ট)জাতীয় প্রেস ক্লাবে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। এ ছাড়া জঙ্গিদের পাশাপাশি অনেক মুক্তমনা ব্লগারও সমাজের বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন আইজিপি।
একেএম শহীদুল হক বলেন, ‘মুক্তচিন্তা ভালো। তবে অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনছে। ধর্মকে, ইসলামকে তারা তাদের মুক্তচিন্তার বিষয় হিসেবে নিয়ে তা বিকৃত করে ধর্মের বিরুদ্ধে যেভাবে কটূক্তি ও কদাচার করছে, তা ভাষায় প্রকাশ করার মতো না।’
তিনি বলেন, ‘আমাদের ব্লগাররা মুক্তচিন্তার নামে ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে অনেক কিছুর ব্যতয় ঘটাচ্ছে, আবার জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের, রাষ্ট্রের ও মানবতার ব্যতয় ঘটাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য।’
জঙ্গিদের মানসিকতা নিয়ে আইজিপি বলেন, ‘আমরা দু-একজনকে বলেছি, তোমরা যে ভুলপথে আছ, তা মানুষের কাছে স্বীকার কর। কিন্তু তারা ভুল স্বীকার করে কোনও বক্তব্য দিতে চায় না। ওদের এই যে মোটিভেশন, এই মোটিভেশনের জায়গায় আমাদের কাজ করতে হবে। তারা কোনও তথ্যও দিতে চায় না।’
/এআরআর/এআরএল/