জিপিএ’র সঙ্গে নম্বরও দেখতে পারবে শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানচলতি বছর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা প্রাপ্ত ‘জিপিএ’র পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেখতে পারবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান।

শনিবার রাজধানীর জাতীয় ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) 'মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং' আয়োজিত উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি পদ্ধতির মানোন্নয়ন বিষয়ক কর্মশালায় তিনি এ সব কথা বলেন।

প্রফেসর মো. মাহবুবুর রহমান বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ'র পাশাপাশি নৈব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেওয়া থাকবে।

এ পদ্ধতি চালু হলে শিক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি তাদের প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।

মোট নম্বর ছাড়াও তারা প্রত্যেক বিষয়ে আলাদাভাবে কত নম্বর পেয়েছে তাও জানতে পারবে বলেও জানান তিনি।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, আগামী ১৮ তারিখে প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসি'র ফলাফল নম্বরসহ দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল উদ্দিন মোল্লা, অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস, টিকিউআই’র উপপরিচালক রায়হানা তসলিম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল উদ্দিন বাবর প্রমুখ।

/আরএআর/এবি/