রেলস্টেশনে স্ক্যানার বসানোর সুপারিশ সংসদীয় কমিটির



সংসদীয় কমিটির বৈঠকদেশে সাম্প্রতিক জঙ্গি-সন্ত্রাসী হামলার পর দেশের রেল স্টেশনগুলোতে স্ক্যানার বসানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি রেলপথকে সম্পূর্ণ নিরাপদ ও যাত্রী চলাচলের উপযোগী রাখতে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটি সদস্য মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা ও ফাতেমা জোহরা রানী অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, কমিটির বিষয়টি নিয়ে আগেও আলোচনা করেছে। বিমানবন্দরগুলোর মতো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য কমিটির সুপারিশ করেছে। এজন্য লাগেজ ও বডি স্ক্যানার বসানোর জন্য বলা হয়েছে। দ্রুত এ সুপারিশ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে ঢাকা এবং চট্টগ্রামসহ বাংলাদেশ রেলওয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে লাগেজ স্ক্যানিং মেশিন ও বডি স্ক্যানার (আর্চওয়ে) বসানো হবে।
এদিকে, সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের জায়গায় ঢাকা সিটি করপোরেশনের মার্কেটগুলোর ভাড়া বাবদ বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে রেলমন্ত্রীকে সংশ্লিষ্ট মেয়রের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
১৯৮৪ সালে ঢাকা সিটি করপোরেশন বঙ্গবাজারের কাছে রেলের কিছু জমি লিজ নেয়। ওই জমির ভাড়া বাবদ প্রায় ২০ কোটি টাকা পাবে রেলওয়ে। গত ১৯ মে এ বিষয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে ভাড়া বাবদ পাওনা টাকা আদায়ের সুপারিশও করে কমিটি।
বৈঠকে কমিটি রেলওয়ের জমিতে অবৈধ সাব-লেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
/ইএইচএস/এমএনএইচ/