জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার বিকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এপ্রিল, মে ও জুন মাসের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বন্ধুপ্রতীম বিভিন্ন দেশ আমাদের পাশে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে তারা আগ্রহী। এজন্য আমাদের দেশে অবস্থানরত উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ যে দেশপ্রেম, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে তা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ভাবেও প্রশংসিত হয়েছে। গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে জঙ্গি দমনের ঘটনায় পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে যেকোনও মূল্যে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতে হবে।
পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় দেশের সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- আইএস-এর কাছে অস্ত্র সরবরাহ করেছিলেন হিলারি
- জঙ্গি দমনে বিদেশ থেকে গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা নেওয়ার পরামর্শ
/জেইউ/এমও/