অবশেষে সংসদীয় কমিটিতে সুপ্রিম কোর্টের প্রতিনিধি





জাতীয় সংসদঅবশেষে সংসদীয় কমিটির ডাকে সাড়া দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন পর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর সুবিধা সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল, ২০১৫’ নিয়ে আলোচনায় বিচার বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেন।
এর আগে বিচারপতিদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলে আলোচনার জন্য অংশ নিয়ে সংসদীয় কমিটির থেকে আমন্ত্রণ জানানো হলেও তাতে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে ক্ষোভও প্রকাশ করেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে বৈঠকে সুপ্রিম কোর্টের প্রতিনিধির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বৈঠকের পর ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন বলেন, বিচারপতিদের অবসর ভাতা সংক্রান্ত বিলটি গত বছরের জুন মাসে সংসদে উত্থাপিত হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে বিলটি নিয়ে ৬ বার আলোচনা হয়েছে। যাদের নিয়ে এই বিল তাদের পক্ষ থেকে তো কাউকে আসতে হবে। কিন্তু সংসদীয় কমিটি আমন্ত্রণ জানালেও তারা বৈঠকে আসেনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অতীতে সুপ্রিম কোর্টের কোনও বিষয়ে আলোচনার জন্য রেজিস্ট্রার জেনারেল কমিটি বৈঠকে প্রতিনিধিত্ব করে আসছেন। বর্তমান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর থেকে রেজিস্ট্রার জেনারেলের বৈঠকে আসা বন্ধ করে দিয়েছেন। এর আগে তাদের বেতনভাতা সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময়েই তারা আসেননি। তারা মনে করছেন, সংসদে গেলে সুপ্রিম কোর্টের অবমাননা হবে। তবে তারা বিষয়টি গুরুত্ব অনুধাবন করে বৈঠকে অংশ নিয়েছেন। এটা নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এই বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার অবসান ঘটল।
সংসদীয় কমিটির বৈঠকে সুপ্রিম কোর্টের প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে সংবিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও জাতীয় সংসদের ‘জয়’ হয়েছে বলে মনে করেন সংসদীয় কমিটির সভাপতি।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৬ নিয়ে আলোচনা হয়।
সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে আরও অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান ও সফুরা বেগম। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর।
/ইএইচএস/এমএনএইচ/