রায় লেখা শেষ না হওয়ায় পেছাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস মামলার রায়। রায় ঘোষণার পরবর্তী তারিখ ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত।
সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ঢাকার বিশেষ কৌঁসুলি মো. নজরুল ইসলাম শামীম জানান, রায় প্রস্তুত করতে না পারায় আগামী ২৮ আগস্ট রায়ের জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
এসময় পুলিশ কারাগার থেকে চার আসামিকে আদালতে হাজির করে। তারা হলেন, ব্যারিস্টার ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী, নয়ন আলী, সাকার ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান।আদালতে উপস্থিত ছিলেন জামিনে মুক্ত থাকার সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
এর আগে ৪ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার আরকে আসামি সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় দুই আসামিকে পলাতক দেখানো হয়েছে। তারা হলেন, হুম্মাম কাদের চৌধুরী ও মেহেদী হাসান।
২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করেন। ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট সাকার স্ত্রী, ছেলে ও আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
/এসআইটি/এসটি/