‘পিডিবিকে কোম্পানিকরণের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন শিগগিরই নিরসন হবে’

বাংলাদেশ পাওয়ার ডেভেলপেমেন্ট বোর্ড (পিডিবি) কে কোম্পানিকরণের বিরুদ্ধে চলমান শ্রমিক আন্দোলন দুই একদিনের মধ্যেই নিরসন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ

জানা যায়, পিডিবিকে কোম্পানিকরণের বিরোধিতা করে বিদ্যুৎ বিভাগের সিবিএ নেতারা আন্দোলন করে আসছিলেন। আজ এ বিষয়ে সমঝোতা হওয়ার কথা ছিল। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা ধর্মঘট করেননি। তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। আশাকরি দুই একদিনের মধ্যে এ বিষয়ে সমাধান হবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের প্রস্তাব দেওয়া হয়েছে পিডিবিকে হোল্ডিং কোম্পানি করার। অথবা আইন পরিবর্তন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোশনের (বিপিসি) আদলে কোম্পানি করার। তবে শ্রমিকরা কোনও প্রস্তাবই মানেননি।

কোম্পানিকরণ করলে ভোক্তারা কি কি সুবিধা পাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যেহেতু আপাতত বিদ্যুৎ বিতরণ পদ্ধতিটা কোম্পানিকরণ করা হবে তাই ভোক্তারা ভালো সেবা পাবেন। তবে পিডিবি বিদ্যুৎ উৎপাদন এবং বিক্রি করবে।

/এসআই/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: ভুল বানানে ভরা ১৫ আগস্টের ব্যানার, পোস্টার ও তোরণ