নিজের জীবন দিয়ে এক তরুণকে বাঁচালেন সারোয়ার

নিজের জীবনের বিনিময়ে এক তরুণকে বাঁচিয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত গড়লেন সারোয়ার (২৮) নামের এক যুবক। গোসল করতে গিয়ে ডুবতে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণকে উদ্ধারে নেমে একজনকে বাঁচালেও খালের তীব্র স্রোতে ভেসে যান তিনি। রাজধানীর উত্তর বাড্ডার বেড়াইদের ধামাই খালে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার ব্রিগেডের ডুবুরিদল।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাসুদসহ স্থানীয়রা জানান, রাজধানীর উত্তর বাড্ডার বেড়াইদের ধামাই খালের ব্রিজের নিচে সোমবার দুপুরে গোসল করতে নেমেছিল বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ। কিন্তু, ভালো সাঁতার না জানায় সাব্বির (২২) ও রাজু (২৩) নামের দুই তরুণ পানিতে ডুবে যাচ্ছিল।  পরিস্থিতি বুঝতে পেরে তাদের উদ্ধারে পানিতে লাফ দেন সারোয়ার নামের এক সিএনজিচালক যুবক। তার সহায়তায় ডুবে যাওয়া থেকে রক্ষা পান ওই দুই তরুণ, কিন্তু খালে তীব্র স্রোত থাকায় নিজেকে রক্ষা করতে পারেন নি তিনি। ভালো সাঁতার জানার পরেও স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে টানা চার ঘণ্টা চেষ্টার পর সোমবার বিকাল পৌনে ৫ টার দিকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত যুবক গুলশান এলাকায় ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালাতেন। বর্তমানে ওই এলাকায় সিএনজি অটোরিকশা নিষিদ্ধ হওয়ায় তিনি বাড্ডা এলাকায় বেকার সময় কাটাচ্ছিলেন। তার বাবার নাম শাহজাহান মৃধা।  গ্রামের বাড়ি বরগুনায়।

সারোয়ারের সহায়তায় উদ্ধার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সাব্বির ঘটনার বর্ণনা দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে ধামাইল খালের তিন নম্বর ব্রিজের নিচে আমরা ৯ বন্ধু গোসল করতে গিয়েছিলাম। আমাদের মধ্যে মাত্র দু’জনসাঁতার জানতো।’ তিনি বলেন, ‘আমরা ব্রিজের নিচে ছিলাম। আমি মাথা ভেজানোর জন্য পানিতে নামি। কিন্তু খালে এত স্রোত ভাবতেই পারি নাই। নামামাত্রই স্রোতে ভেসে যেতে থাকি। তখন শুভ ও রাজু আমাকে উদ্ধারে খালে নামে। খালের অপর পাশে কিছু ৯/১০ বছরের বাচ্চারা খেলতে ছিল, তারাও আমাদের ভেসে যেতে দেখে বাঁশ নিয়ে চলে আসে। তার একটা ফুটবলও খালের ভেতরে ছুড়ে দেয়। বাঁশ ও ফুটবলের সহায়তায় আমাকে নিয়ে শুভ পাড়ে চলে আসে। এসময় রাজু খালের ভেতরে থেকে যায়। স্রোত বেশি থাকায় সে ডুবতে ছিল। তখন আমরা চিৎকার করি। তখন সারোয়ার লাফ দিয়ে নেমে রাজুকে সহযোগিতা করেন। রাজু পাড়ে উঠে আসে। এসময় সারোয়ার অপর পাশে থেকে যায়। তিনি ফুটবলটিও তুলে আনতে যান, কিন্তু, তীব্র স্রোতে সে ভেসে যায়। এরপর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।’

/এআরআর/টিএন/