বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানজমি সংক্রান্ত মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে আগামী আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আহমেদ আকবর সোবহানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং আবদুল বাসেত মজুমদার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

মামলার বিবরণ থেকে জানা যায়, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ এপ্রিল সরকারি জমিতে অনুপ্রবেশ, মাটি কাটা ও সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠায় ওই বছরের ১৩ মে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর ইউনিয়ন তহশিলদার মোখলেসুর রহমান খান কালিয়াকৈর থানায় মামলা করেন। সেই মামলায় এতদিন জামিনে ছিলেন তিনি। পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন সুবহান। আজ সেই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে এই মামলায় পূর্বে জারি করা রুল খারিজ করে আহমেদ আকবরকে ৮ সপ্তাহের মধ্যে গাজীপুরের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ছাড়াও অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

/ইউআই/এসএনএইচ/