রাজধানীর পান্থপথে অবস্থিত শপিং মল বসুন্ধরা সিটির লেভেল-৬ এর সি ব্লকে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পরপর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো শপিং মল। মার্কেটের বাইরেও ধোঁয়া ছেয়ে গেছে।
ঘটনার পর পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে এসেছে। শুরুতে পানির ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিলেও পরে ওয়াসার সহযোগিতায় সে সমস্যা কাটিয়ে ওঠা গেছে বলেও জানা গেছে। তারপরেও উদ্ধারকারী দলের সদস্যরা ধোঁয়ার কারণে ৬ তলায় এখনও ঢুকতে পারেনি। ভবনের বেশ কয়েকটি গ্লাস খুলে দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনের ক্যামেরা পারসন নাসিরুল ইসলামের তোলা ছবিতে বসুন্ধরা সিটিতে আগুন ও নেভানোর তৎপরতার কিছু ছবি: