'দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে কঠিন থেকে কঠিনতর হবো'

 


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমডাক বিভাগে দুর্নীতি হলে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘প্রয়োজনে আমি কঠিন থেকে কঠিনতর হবো।’

রবিবার ডাক বিভাগের উদ্যোগে রাজধানীর জিপিও মিলনায়তনে অবিভাগীয় কর্মচারীদের আয়োজনে জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি এসব বলেন। সেই সঙ্গে ডাক বিভাগকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

শোক দিবস প্রসঙ্গে তারানা হালিম বলেন, ‘আগস্ট কখনও ভোলা সম্ভব নয়। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তারানা হালিম জানান, তিনি নিজে একটি রেজিস্ট্রার মেইনটেন করবেন। যেখানে উল্লেখ থাকবে কার টেবিলে কতোদিন ফাইল আটকে ছিল। তিনি বলেন, ‘আমার টেবিলে কোনও ফাইল দুই দিনের বেশি থাকে না।’

ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা শতভাগ বাড়ানো হয়েছে। তারানা হালিম বলেন, ‘আপনারা আপনাদের কাজটুকু সততার সঙ্গে করেন। আমি যেন ৫০০ ভাগ সম্মানী বাড়ানোর কথা সরকারকে বলতে পারি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাইভেট সেক্টরের মনোভাব নিয়ে সরকারি সেক্টরে কাজ করতে হবে। নতুনভাবে কাজ করবেন, প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন, বেতন-ভাতা অবশ্যই বাড়বে।’

তারানা হালিম জানান, উপজেলা পোস্ট মাস্টারদের চাকরি দ্বিতীয় গ্রেডে উন্নীত করার ফাইলে তিনি সই করেছেন।

ডাক বিভাগের এক কর্মকর্তা জানান, ডাক বিভাগের আয় বেড়েছে। প্রতিমন্ত্রী তারানা হালিম যোগ দেওয়ার আগের বছরে আয় ছিল ২৬৩ কোটি টাকা। গত এক বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০১ কোটি টাকায়।

/এইচএএইচ/এআরএল/

আরও পড়ুন: 

অভিজিৎ হত্যায় সন্দেহভাজনদের ৭টি ভিডিও প্রকাশ