বসুন্ধরা সিটিতে এখনও ধোঁয়া, পরিদর্শনে তদন্ত কমিটি

বসুন্ধরা সিটিতে আগুন বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী

২৪ ঘণ্টা পার হলেও এখনও পুরোপুরি নেভেনি বসুন্ধরা সিটির আগুন। দুপুর দেড়টার দিকেও এর ৬ তলা ভবনের পেছনে ধোঁয়া দেখা গেছে। তবে নেভানোর কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মিজানুর রহমান।

সোমবার সকালে মুঠোফেনে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও কাজ চলছে। আগুন পুরোপুরি নেভেনি। আমাদের কয়েকটি টিম এখনও কাজ করছে।’

এদিকে, আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছে  পাঁচ সদস্যের তদন্ত কমিটি। আজ দুপুরে কমিটির প্রধান ইঞ্জিনিয়ার অজিত কুমার ভৌমিকের নেতৃত্বে অপর সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করেছেন।

তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ার অজিত কুমার ভৌমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তদন্তের কাজ এখনও শুরু করতে পারিনি। কারণ আমি এখনও আগুন নেভানোর কাজে ব্যস্ত। আগুন না থাকলেও জুতার দোকানে ধোঁয়া আছে। এখন ডাম্পিং চলছে। আশাকরি আগামীকাল সকাল থেকে তদন্তের কাজ শুরু করতে পারবো।’

তবে আগুন নেভাতে ঢালা পানিতে যাতে ভবনের নিচতলার দোকানগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিচতলা থেকে পানি বের করে ফেলার চেষ্টা করছে পরিচ্ছন্নতা-কর্মীরা।

বসুন্ধরা সিটিতে পানি নিষ্কাশন চলছেএসব বিষয়ে ফায়ার সার্ভিসের পরিদর্শক আতিকুর রহমান জানিয়েছেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বর্তমানে মার্কেটের ডাম্পিং কাজ চলছে।

রবিবার সকাল ১১টা ২৩ মিনিটে বসুন্ধরার লেবেল ৬ এর সি ব্লকের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বসুন্ধরার নিজস্ব অগ্নিনির্বাপক কর্মীরা ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মলটির ৬ তলার সি ব্লকের শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

/এআরআর/এসটি/টিএন/

আরও পড়ুন: দুই দিনের আগে খুলছে না বসুন্ধরা