আমরা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না: প্রধানমন্ত্রী

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)বাংলার মাটিতে সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেব না। বাংলাদেশের মানুষ শান্তি ‍চায়, এ দেশের মানুষ সন্ত্রাসবাদে বিশ্বাস করে না।’ সোমবার বিকালে গণভবনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে  প্রধানমন্ত্রী  বলেন, ‘ষড়যন্ত্র থাকবে।  তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করাও সম্ভব।’  তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই বিদেশি ও ধর্মীয় নেতাদের হত্যা ও হামলার ঘটনা ঘটানো হয়েছে।’
‘জঙ্গিবাদীদের কোনও ধর্ম আর দেশ নেই’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই মানুষে মানুষে ভাতৃত্ব বন্ধনে এক হয়ে বাস করবে, সহমর্মিতা থাকবে, সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকবে।’
সব ধর্ম ও বর্ণের নাগরিকদের সমঅধিকার নিয়ে বাস করার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের রক্ত এক হয়ে গেছে। সবার রক্ত মিশে আছে এই দেশের মাটিতে। আপনারা এই মাটির সন্তান। আপনারা আপনাদের অধিকার নিয়ে বসবাস করবেন।’ তিনি আরও বলেন, ‘কোনও ধর্ম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। সব ধর্মেই শান্তির কথা বলা আছে। মানুষই অশান্তি সৃষ্টি করে।’

বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে নানা ঘটনা ঘটে। সংঘাত সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে এই সব ঘটনা ঘটানো হচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেষানন্দ মহাদেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত, মহানগর সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রমেশ ঘোষ, মহানগর সর্বজনীন মহানগর সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডি এন চ্যাটার্জী, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল।

/ইএইচএস/এমএনএইচ/