হজযাত্রী পরিবহনে জটিলতা দূর হয়েছে: ধর্মমন্ত্রী

হজ ব্যবস্থাপনায় ১৫টি অতিরিক্ত স্লট পেয়েছে বাংলাদেশ। এ কারণে যে ১৩ হজ ফ্লাইট বাতিল হয়েছে সেসব ফ্লাইটের হজ যাত্রী বহনে আর কোনও সমস্যা থাকবে না। হজ-২০১৬ এর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর এ পর্যন্ত ৯২,৫৬৮ জন যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, ‘হজ ব্যবস্থাপনায় কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সেখানে আমি অভিযোগ পাবো সেখানে বসে সমাধান করবো।’

সংবাদ সম্মেলনে সৌদি এয়ারলাইনস্ এর ফ্লাইটগুলো ভরে গেলেও বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো কেন খালি গেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবের সভাপতি ইব্রাহিম বাহার জানান, হজ উপলক্ষে ডলারের বিনিময় মূল্য সৌদি বিমান নির্ধারণ করেছিল ৭৮ টাকা আর বাংলাদেশ বিমান নির্ধারণ করেছিল ৮০ টাকা। এ কারণে বিমানভাড়া সৌদি এয়ারলাইনসে  কম হওয়ায় অধিকাংশ যাত্রী সৌদি এয়ারলাইন্সে টিকিট কেটেছে। পরিস্থিতি বুঝতে পেরে বাংলাদেশ বিমানও পরে টিকিটের দাম কমায়, তিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এম এ জলিল এবং হাবের সভাপতি ইব্রাহিম বাহারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/টিএন/

আরও পড়ুন: প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার