জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘হল চাই’ আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি ব্যক্ত করছেন। জগন্নাথের শিক্ষার্থীদের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে প্রচারণাও চালাচ্ছেন। তবে সবচেয়ে বেশি প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
পর্যবেক্ষণে দেখা গেছে, ফেসবুকে ‘হল আন্দোলনে জবির পাশে আমরা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’ নামে একটি ইভেন্ট খোলা হয়েছে। এতে সমর্থন জানাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
‘হল আন্দোলনে জবির পাশে আমরা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’ ইভেন্টটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইজুজ্জামান সাইফ লিখেছেন, ‘আপনাদের ন্যায্য ও মৌলিক অধিকারের দাবি আদায়ের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাহার হক লিখেছেন, ‘আবাসিক হলের দাবিতে জবির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জ্ঞাপন করলাম’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিস রাহা লিখেছেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নামে আন্দোলনের পক্ষে সমর্থন করছি। হল ব্যতীত একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরিপূর্ণতা পায় না কখনোই’।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম জান্নাত লিখেছেন, ‘সফলতা অর্জনে সব ধরনের সাপোর্ট করে যাবো ইনশাহআল্লাহ’।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়েস শাওন লিখেছেন, ‘হল হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই হল লাইফের অভিজ্ঞতাই আমাদের অন্য সবার থেকে আলাদা করে রাখে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের একজন ছাত্র হিসেবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি’।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন হাসান লিখেছেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আশাকরি দাবি পূরণ করেই তারা রাস্তা ছাড়বে’।
শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কয়েকজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল আন্দোলনের সমর্থন জানিয়ে একটি ভিডিও বার্তাও পোস্ট করেছে ফেসবুকে।
এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিশ্ববিদ্যালয়টির হল আন্দোলনকে সমর্থন জানিয়ে তার নিজের ফেসবুক টাইম লাইনে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ’সাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়! আপনাদের আবাসিক হলের দাবির সঙ্গে একাত্মতা জানাচ্ছি। ন্যায্য দাবির আন্দোলনে দমন-পীড়ন, টিয়ারশেল নিক্ষেপেরও তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফেসবুকে তিনি আরও লিখেন, ‘ইতিহাসের শিক্ষা-অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায়ের লড়াইয়ে সংহতি রইলো।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার জবি’র হল আন্দোলনকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ আন্দোলনের একাত্মতা জানিয়েছে।
উল্লেখ্য, গত ২ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। জমি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল। নতুন করে আন্দোলনের প্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান। এ আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
/আরএআর/টিএন/
আরও পড়ুন: শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ