জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাড়া মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়টির আবাসন সংকট নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে আবাসন সংকট নিয়ে আলোচনা করেছেন।
সভায় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির আবাসন সংকটের সমাধানে সরকার সর্বতোভাবে সচেষ্ট আছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা নিরসনে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।’
সংকট সমাধানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় জবি শিক্ষার্থীদের প্রকট আবাসিক সমস্যার বিষয়টি অবগত আছেন জানিয়ে তাদের প্রতি প্রতি সহানুভূতিও ব্যক্ত করেছেন তিনি।
সভায় শিক্ষাসচিব মো.সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ. এস. মাহমুদ, মো. হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও নিজস্ব আবাসিক হল না থাকায় বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর পর থেকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ক্যাম্পাসটিতে বর্তমানে ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও এখনও এটি পুরোপুরি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। অথচ কলেজ হিসেবে যাত্রা করা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির ১১টি ছাত্র হল ছিল যেগুলো ১৯৮৫ সাল থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে গেছে। এরকম দুটি হল ছাত্র আন্দোলনের মুখে ২০১১ ও ২০১৪ সালে উদ্ধার হলেও সংস্কারের উদ্যোগ না থাকায় সেগুলো এখনও ছাত্রাবাসের উপযোগী হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের জমিতে একটি ছাত্রীনিবাস নির্মাণ শুরু হলেও সেটির কাজও থমকে আছে। এ অবস্থায় আবাসিক হল নির্মাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারের জমি চেয়ে গত ২ আগস্ট থেকে আন্দোলন করছে জবি শিক্ষার্থীরা। জমি পেতে ২০১৪ সালের মার্চেও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল। নতুন করে আন্দোলনের প্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান। এ আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
/আরএআর/টিএন/
আরও পড়ুন:
জবি’র ‘হল চাই’ আন্দোলনে সমর্থন দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে জবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ