মুহিতুল ইসলামের আশা ‘সম্পূর্ণ পূরণ’ হয়নি: আইনমন্ত্রী

আনিসুল হকজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলামের আশা ‘সম্পূর্ণ পূরণ’ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অনিসুল হক।তিনি বলেন,  ‘জীবদ্দশায় তার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর সব হত্যাকারীর যেন বিচার এবং ফাঁসি হয়। সেটা তিনি যেন দেখে যেতে পারেন। কিন্তু তার সে আশা পূরণ হয়নি।’ বৃহস্পতিবার রাধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মুহিতুল ইসলামের লাশ দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসপাতালে এ এফ এম মুহিতুল ইসলামের মরদেহ দেখতে আসেন আইনমন্ত্রী আনিসুল হকআইনমন্ত্রী বলেন, ‘তিনি অনেক সাহসী মানুষ ছিলেন। মামলা করতে গিয়ে তাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে।’এ সময় তিনি আরও বলেন, ‘এবার বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কর্যকর করতে পারলেই তার আত্মা শান্তি পাবে।’

বৃহস্পতিবার বেলা ২টা ৫৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ফুসফুসের সংক্রামক (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।

১৯৯৬ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী এই এএফএম মুহিতুল ইসলাম। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের বাবা সিরাজুল হক। তার মৃত্যুর পর  আনিসুল হক এই মামলা পরিচালনা করেন।
/জেএ/এসএনএইচ/এমএনএইচ/