কাদা ছোড়াছুড়ি না করে কওমি সনদের স্বীকৃতির দাবিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বিরোধিতার নামে বিরোধিতা না করে অবহেলিত কওমি শিক্ষার্থীদের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বকীয়তা ও মর্যাদা বহাল রেখে স্বীকৃতির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এ দেশের শিক্ষার্থীদের মান-সম্মান ও অধিকার। তাদের অধিকার নিয়ে আমরা টানাটানি করতে পারি না। দেশের প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমদের উচিত সনদের স্বীকৃতি আদায়ের চেষ্টায় অংশীদার হওয়া।’
কোনও নিয়ন্ত্রণের ভেতর কওমি মাদ্রাসা আটকা পড়ছে না জানিয়ে মাসঊদ বলেন, ‘কওমি শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই আমরা স্বীকৃতি পেতে চাই। দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা ও কারিকুলামের মাধ্যমেই সনদের স্বীকৃতি এলে এদেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। নিবন্ধন বা নিয়ন্ত্রণের কোনও বাধ্যবাধকতা ছাড়াই আমরা স্বীকৃতি পেতে চাই। এটা আমাদের অধিকার। শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে বড় একটি সিঁড়ি এই স্বীকৃতি।’
/সিএ/এসটি/এপিএইচ/