ঝালকাঠিতে ২০০৫ সালে বিচারক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম আরিফের রিভিউ আবেদন খারিজ করে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখেছেন আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ রবিবার এ রায় দেন।
এ মামলায় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জনের ফাঁসি ২০০৭ সালে কার্যকর করা হয়েছে। আরিফ প্রথম থেকেই পলাতক ছিল।
২০০৫ সালে ১৪ নভেম্বর জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিরা আত্মঘাতী হামলায় জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ ও জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে নিহত হন।
বিচারক হত্যা মামলায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। এরপর উচ্চ আদালতের দারস্থ হয় আসামিরা। কিন্তু উচ্চ আদালতে আগের রায় বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ছয় শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।
দণ্ড কার্যকর হওয়া আসামিরা হলো, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।
/ইউআই/এসটি/