প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি নয়, বরং বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরে সোমবার আলোচনার সময়ে শেখ হাসিনা কেরিকে বলেন, ‘আমি জানি, তোমরা আমাদের জিএসপি দেবেনা এবং আমরা এটা চাইনা।’
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপে জানা যায় প্রধানমন্ত্রী কেরিকে বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার চায়।’
প্রধানমন্ত্রী কেরিকে বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোকে যুক্তরাষ্ট্র এ সুবিধা দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ এবং তোমরা সাব-সাহারান এবং আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোকে এ সুবিধা দিয়ে থাকো।’
একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জন কেরি কিছুটা বিস্মিত হয়ে বলেন,‘না না আমরা বিষয়টি [জিএসপি] দেখছি।’
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা দুর্ঘটনার পরে জুন মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেন।
একই বছরের জুলাই মাসে জিএসপি পুনরুদ্ধারের জন্য একটি রোডম্যাপ দেওয়া হয় এবং বাংলাদেশ তার প্রায় সবগুলো পূরণ করলেও জিএসপি সুবিধা ফেরত পায়নি।
সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যকার কোনও বৈঠকে জিএসপি নিয়ে আলোচনা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গত জুনে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে জিএসপি বিষয়টি বাংলাদেশ স্বতপ্রণোদিত হয়ে তোলেনি।
এসএসজেড/ এপিএইচ/