জানা গেছে, কবি শহীদ কাদরীর লাশের সঙ্গে তার স্ত্রী নীরা কাদরী আসবেন। অন্য একটি ফ্লাইটে আসবেন তার ছেলে আদনান কাদরী। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে লাশ দাফন করা হবে। প্রধানমন্ত্রী শেখ কবির লাশ আনার যাবতীয় খরচ বহন করছেন।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে কবি শহীদ কাদরীর লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।
উল্লেখ্য, রবিবার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের নর্থ শো’র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি শহীদ কাদরী মৃত্যুবরণ করেন। ১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয়। শহীদ কাদরীর চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ ও ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’। তিনি ২০১১ সালে একুশে পদক লাভ করেন।
/সিএ/এমএনএইচ/