বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাপক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজধানীর বিভিন্ন প্রান্তে যানজট নিরসনে এক হাজার রোভার স্কাউট নিয়োগ করা হবে। যারা রাজধানীর পশুর হাটগুলোর আশেপাশে মহাসড়কে পুলিশকে সহায়তা করবে। ঈদের চারদিন আগে এ কার্যক্রম শুরু হবে। তিন শিফটে ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করবে।’
এ সময় তিনি বলেন, ‘ত্রুটি যুক্ত যানবহনে পশু পরিবহন করা যাবে না। এটি উৎস মুখেই বন্ধ করতে হবে।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন,‘রাজধানী ও আশপাশের পোশাক কারখানাগুলো একইদিনে ছুটি হলে রাস্তায় তীব্র যানজট লেগে যায়।তাই কারখানাগুলোকে একই দিনে ছুটি না দিয়ে দুই দিনে দিতে বিজিএমইএকে অনুরোধ করা হচ্ছে।’ এসময় তিনি সাভার, আশুলিয়া ও নবীনগর এলাকার পোশাক কারখানাগুলোতে একদিনে এবং অপরদিনে গাজীপুর ও টঙ্গি এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি দেওয়ার পরামর্শ দেন।
এ সময় তিনি ঢাকা মহানগরী ও পাশের এলাকায় পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত আগামী ২০ বছরের দীর্ঘ মেয়াদি কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপির সংশোধনী উপস্থাপন করেন।
এছাড়া যাত্রীদের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
/এসআই/এসএনএইচ/টিএন/