ডাকা হয়েছে মীর কাসেমের পরিবারকে

মীর কাসেম

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে তার পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ। আজ শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তাদের দেখা করতে বলা হয়েছে।

মীর কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া এবং তার আইনজীবীরা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মীর কাসেমের পরিবারের সদস্যদের বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে। 

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ায় যে কোনও সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।

এদিকে, শুক্রবার থেকেই কাশিমপুর কারাগারের চারপাশে, বিশেষ করে কারা ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

কারা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিলেন, শনিবার রাতে মীর কাসেমের ফাঁসি কার্যকর করার মতো প্রস্তুতি তাদের রয়েছে। কাশিমপুর কারাগারেই ফাঁসি কার্যকর করা হবে। মানবতাবিরোধী অন্য আসামিদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে, ওই প্রক্রিয়ায় মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরের আগে মীর কাসেমের সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করার সুযোগ পাবেন।

/ইউআই/এসটি/