রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদের আঙুলের ছাপ নিয়েছে নির্বাচন কমিশন। এই ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হয় মুরাদের। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের দুই কর্মকর্তা। এরা হলেন, টেকনিক্যাল সাপোর্ট শাখার মো. পারভেজ হোসেন ও ডাটা এন্ট্রি বিভাগের শামীম আহমেদ। তারা মুরাদের আঙুলের ছাপ সংগ্রহ করেন।
শুক্রবার রাত ২টা ২৫ মিনিটে রূপনগরের আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়ি থেকে মুরাদের মরদেহ নিয়ে যায় পুলিশ। রাত তিনটা ১০ মিনিটে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পৌঁছায়।
পুলিশ জানায়, নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সে নিহত হয়। নিহত হওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গি মুরাদ পিস্তল হাতে গুলি করতে করতে তার আস্তানা থেকে পালানোর চেষ্টা করে। তার ছুরিকাঘাতে পুলিশের চার কর্মকর্তা আহত হন। তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
/এআইবি/এআরএল/
আরও পড়ুন: