মিরপুরে জঙ্গি হামলায় আহত পুলিশ সদস্যদের অবস্থা উন্নতির দিকে





শুক্রবার মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযান পরিচলনার সময় চার পুলিশ সদস্য আহত হনরাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।
শুক্রবার রাতের ওই অভিযানে নিহত জঙ্গি মুরাদের হাতে আহত হন রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, ইন্সপেক্টর (তদন্ত) শাহীন ফকির, এসআই মোমিনুল ইসলাম ও এ এস আই বোখারী। ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা ভালোর দিকে। তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপনগরের ৩৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে রূপনগর থানার পুলিশ অভিযান চালায়। ওই বাড়ির ছয়তলায় গিয়ে দরজায় ধাক্কা দিতেই জঙ্গি মুরাদ দরজা খোলে। এসময় পুলিশ ভেতরে প্রবেশ করতে চাইলে মুরাদ পিস্তল ও ধারালো ছুরি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে মুরাদ নিহত হয়। ওসি শহীদের কোমরে এবং শাহীন ফকিরের বাম কাঁধ ও মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। শাহীনের ডান পায়েও জখম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
/জেইউ/এবি/