ঈদের ছুটি আরও দু’দিন বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর ২০১৬

ঈদুল আজহার আগে আগামী ১১ সেপ্টেম্বর (রবিবার) এবং ঈদের পর ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশ বলে সিদ্ধান্ত নেবেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ দুই দিনের পরিবর্তে আগামী ১৭ ও ২৪ শনিবার সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি তার ক্ষমতাবলে পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশ দেবেন।’

এদিকে বৈঠকে উপস্থিত মন্ত্রিপরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ‘দুই দিন সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হলেও আগামী ১১ সেপ্টেম্বরের ছুটি মঞ্জুর হতে পারে। তবে ১৫ সেপ্টেম্বর অফিস খোলা থাকবে। ওইদিন প্রধানমন্ত্রী ছুটি নাও দিতে পারেন।’

এদিকে, ১১ সেপ্টেম্বর রবিবার ও ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার হওয়ায় এই দুদিনকে সরকারি ছুটি ঘোষণা করা হলে সামনে-পেছনের সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

/এসআই/এসএনএইচ/টিএন/