সেগুনবাগিচায় প্রাইভেট কার থেকে ৬টি বোমা উদ্ধার, ৩ জনকে গণধোলাই

গাড়ি থেকে পেট্রোলবোমা উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচায় এলাকায় বোমাবাজ সন্দেহে তিন ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি তাজা পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলো নাশকতামূলক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজন হচ্ছেন, জহির (৩৫), জলিল (৩৪) ও আনিস (৩৮)।

ওসি মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গাড়িতে বোমা বহন করা হচ্ছে গোপনসূত্রে এমন খবর পেয়ে সেগুনবাগিচা এলাকায় একটি ১২ তলা ভবনের সামনে একটি প্রাইভেটকারে থাকা তিন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে স্থানীয়রা। এ সময় তাদের গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেন তারা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরপর গাড়িটি তল্লাশি করে একটা কার্টনের ভেতরে রাখা ৬টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদের গাড়িসহ আটক করে রমনা থানায় নিয়ে আসে।

ওসি জানান, স্থানীয়দের মারধরে তারা বেশ আহত হওয়ায় তাদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহতরা প্রাথমিক ভাবে জানিয়েছে, এক বড় ভাইয়ের কাছে বোমাগুলো পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল তারা। তবে তদন্তের স্বার্থে সেই বড়ভাইয়ের নাম এখনই প্রকাশ করবে না পুলিশ।

এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

/এআরআর/এমডিপি/এসএনএইচ/টিএন/