নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, সবার সহযোগিতা পেলে ঈদের দিন দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।
শনিবার দুপুরে মেয়রের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক বলেন, ‘ঢাকা ডিএনসিসি’র প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৯৬টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসব স্থানে পশু কোরবানি দেওয়ার ইমাম ও কসাই ইত্যাদি সুবিধা থাকবে। এছাড়াও এসব স্থানে কোরবানি দিলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া আরও ৬৪৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। যেখানে কোরবানি দেওয়া যেতে পারে। এসব স্থানে কোরবানি দেওয়ার পর সিটি করপোরেশনকে জানালে দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হবে।’
মেয়র জানান, ‘ঈদের দিন বেলা ২টায় বর্জ্য অপসারণ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবার কোরবানির ঈদ উপলক্ষে নগরবাসীর মাঝে দুই লাখ পলিথিন ব্যাগ বিতরণ করা হচ্ছে। প্রতিটি গরুর সঙ্গে একটি করে পলিথিন ব্যাগ ক্রেতাদের দেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার কোরবানির পশুর হাট যাতে নির্ধারিত সীমানার বাইরে না যায় সেজন্য মোবাইল কোর্ট তৎপর রয়েছে। প্রতিটি ইজারাদারকে তাদের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে কোনও হাট যাবে না।’
/ওএফ/এসএনএইচ/টিএন/