মামলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও, ঘটনাস্থল পরিদর্শন

গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকালে মন্ত্রী ওই কারখানা পরিদর্শনে যান। এসময় তিনি এ দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান।

দুর্ঘটনার পর টাম্পাকো ফয়লস লিমিটেড প্যাকেজিং কারখানাঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কারখানার কেমিক্যালের কারণে আগুনের তীব্রতা বেড়েছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাদের সঙ্গে জেলা পুলিশ, র‌্যাব, শিল্পপুলিশও সহযোগিতা করছে। ঘটনাস্থলে জনপ্রতিনিধিরাও রয়েছেন।’

কারখানায় ক্যামিক্যাল ব্যবহারের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মামলা করব। তদন্তের পর জানা যাবে কোন কোন ধারা সংযুক্ত করা হবে।’

এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক শনিবার দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে কারখানা মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে মালিকপক্ষের গাফিলতি ছিল। এটি শিল্পনগরী এলাকা হওয়ায় কনসার্ন অথরিটি থাকার পরেও কেন এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখবো আমরা।’

প্রসঙ্গত, গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শনিবার ভোরে টাম্পাকো লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ও চাপা পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে পাঁচতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

/এআরআর/এমও/